ডাকসু নির্বাচনে শীর্ষ ৩ পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জয় হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচনী কর্মকর্তা অধ্যাপক ড. জসিম উদ্দিন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে মো. আবু সাদিক (সাদিক কায়েম), সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে মহিউদ্দিন খান জয়ী হয়েছেন।
ভিপি পদে মো. আবু সাদিক (সাদিক কায়েম) পেয়েছেন সর্বমোট ১৪ হাজার ৪২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল সমর্থিত প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৬৫৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট এবং আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩ হাজার ৬৮১ ভোট।
আরও পড়ুন : কাতারে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় নিহত ৬
জিএস পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী এস এম ফরহাদ পেয়েছেন ১০ হাজার ৮৯৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী তানভীর বারী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট। প্রতিরোধ পর্ষদের প্রার্থী মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৯৪৯ ভোট।
এজিএস পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মহিউদ্দিন খান পেয়েছেন ৯ হাজার ৫০১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৪ হাজার ২৫৪ ভোট।
ডাকসুর ২৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৭১ জন প্রার্থী।
ঢাকা ডেস্ক 









