চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় একটি বিউটি পার্লারের ওয়াশরুম থেকে প্রিয়াঙ্কা বিশ্বাস (৩৫) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই পার্লারের ম্যানেজার ছিলেন।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে জিইসি মোড় সংলগ্ন এরিয়াল লিজেন্ড ভবনের ৮ম তলায় অবস্থিত ‘নাদিয়া’স মেকওভার’ পার্লারে। বিষয়টি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনার জন্ম দেয়।
পাঁচলাইশ থানার ওসি মো. সোলাইমান জানান, ঘটনাস্থল থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয়েছে। সেখানে পাওয়া যায় একটি সুইসাইড নোট। নোটে লেখা ছিল,
আরও পড়ুন : স্ত্রীর মুড সুইং হয় যেসব কারণে
‘আচ্ছা আমি কি পাগল হয়ে যাচ্ছি? দায়িত্বের সাথে আর পেরে উঠছি না। এত দায়িত্ব কেন আমার? আমি শান্তি চাই, জাস্ট রিল্যাক্স। বাসা-বাইরে সব জায়গায় চাপমুক্ত থাকা দরকার। আমি আপাতত এসব আর নিতে পারছি না। নীল শাড়িটা তো এখনো পরলাম না, একটু পরিয়ে দিও।’
শেষে তিনি লিখেছেন— ‘ডিপ্রেশন (হতাশা) খুবই খারাপ একটি জিনিস।’
প্রিয়াঙ্কা বাঁশখালী উপজেলার সিকদারবাড়ির সজীব দত্তের স্ত্রী। স্বামী-স্ত্রী চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকা ডেস্ক 









