মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের মাঝপাড়া গ্রামের নওশের বিশ্বাসের ছেলে বায়েজিদ বোস্তামী (২৪) নামে জামায়াত ইসলামীর এক কর্মীকে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে যৌথবাহিনী বায়েজিদের বাড়িতে অভিযান চালায়। খড়ের গাদার ভেতর লুকিয়ে রাখা একটি মরিচাপড়া বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করা হয়। অভিযানের সময় বায়েজিদকে আটক করা হয়। বিকালে অবৈধ আগ্নেয়াস্ত্র মামলা দায়েরের পর আদালতে পাঠানো হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন।
আরও পড়ুন : দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতার মৃত্যু
মাগুরা জেলা জামায়াতের আমির এমবি বাকের দাবি করেন, “বায়েজিদ আমাদের দলের নতুন সাপোর্টার। তবে পূর্বে সে বিএনপির সঙ্গে যুক্ত ছিল। স্থানীয় সামাজিক বিরোধের জের ধরে প্রতিপক্ষ তাকে ফাঁসিয়েছে।”
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতার বায়েজিদ এর আগে বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতির সাথেও সংশ্লিষ্ট ছিলেন। মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা জানান, “বায়েজিদের সম্পর্ক সব দলের সঙ্গে ছিল। সে ৫ আগস্টের আগে আওয়ামী লীগে, পরে বিএনপিতে এবং বর্তমানে জামায়াতের সঙ্গে জড়িত।”
এ ঘটনার মাধ্যমে স্থানীয়দের মধ্যে রাজনৈতিক উত্তেজনা ও অস্ত্র সংক্রান্ত নিরাপত্তা বিষয়ে সতর্কতা আরও বেড়ে গেছে।
ঢাকা ডেস্ক 









