রাজশাহীর মোহনপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বাড়ির সামনে ফেলে রাখা হয়েছে কাফনের কাপড় ও হুমকিসূচক চিরকুট। চিরকুটে লেখা ছিল— ‘প্রস্তুত হ রাজাকার। মায়ের দোয়া নে। তোদের দিন শেষ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
হুমকির শিকার নেতা খালিদ হাসান মিলু এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক। তার বাড়ি উপজেলার ধুরইল গ্রামে। এ ঘটনায় তিনি মোহনপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
আরও পড়ুন : এনসিপি নেতাকর্মীদের জন্য বড় সুখবর
মিলু জানান, শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বাসায় ফেরেন তিনি। কিছুক্ষণ পর জানালার বাইরে থেকে অপরিচিত একজনের কণ্ঠ ভেসে আসে— ‘ বাইরে বের হয়ে দেখ।’
বারান্দায় গিয়ে তিনি দেখতে পান, কাঠের আড়ায় আগুন জ্বলছে এবং চারপাশে পেট্রোলের গন্ধ ছড়িয়ে আছে।
তিনি প্রথমে প্রতিবেশীদের ডাকেন এবং স্থানীয় নৈশপ্রহরী ঘটনাস্থলে আসেন। পরে পুলিশ এসে বাড়ির সামনে রাখা একটি পলিথিন ব্যাগ খুলে ভেতরে কাফনের কাপড় ও হুমকির চিরকুট উদ্ধার করে। বৃষ্টির কারণে আগুন চারদিকে ছড়িয়ে পড়েনি এবং দ্রুত নেভানো সম্ভব হয়।
এনসিপির রাজশাহী জেলা যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু বলেন, ‘এ ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। প্রশাসন যদি কঠোর ব্যবস্থা নিত, দুর্বৃত্তরা এমন সাহস পেত না।’
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, রোববার রাতে এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে অভিযোগ নেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
ঢাকা ডেস্ক 









