দল হিসেবে নিবন্ধনের প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিষয়টি জানিয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশে আনন্দের বার্তা দিয়েছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
রোববার (১০ আগস্ট) রাতে এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আখতার হোসেন বলেছেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।’
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সারা দেশের নেতাকর্মীদের আরো সক্রিয়ভাবে সাংগঠনিক বিস্তারে, কর্মসূচি বাস্তবায়নে, দলের অবস্থান বোঝাপড়ায় কর্মশালা করতে, কার্যালয়গুলোকে কার্যকর রাখতে এবং সাধারণ মানুষের কাছে আরো বেশি করে পৌঁছাতে উদ্যোগ নেওয়ার আহ্বান রইল।
আরও পড়ুন : খালা-ইউনূস দ্বন্দ্বে আমি ‘বলির পাঠা’ হয়েছি : টিউলিপ
প্রসঙ্গত, গত ২০ এপ্রিল নতুন দল নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করে নির্বাচন কমিশন। এরপর সময়সীমা বৃদ্ধি ও যাচাইবাছাইয়ের পর এনসিপিসহ ১৬টি নতুন দল নিবন্ধনের প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়। এবার এই দলগুলো নিয়ে মাঠ পর্যায়ের তদন্ত করা হবে। মাঠ পর্যায়ে যাচাই-বাছাইয়ের পর নিবন্ধনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।
ঢাকা ডেস্ক 









