গাজীপুরের টঙ্গী স্টেশন রোডের ব্যস্ত ফুটপাতে পড়ে থাকা একটি ট্রাভেল ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে অজ্ঞাত এক পুরুষের ছিন্নভিন্ন মরদেহ। শুক্রবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ এ ভয়াবহ দৃশ্যের মুখোমুখি হয়। ঘটনা জানাজানি হতেই এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, হাজীর বিরিয়ানির সামনের ফুটপাতে পড়ে থাকা একটি পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ দেখে তাদের সন্দেহ হয়। ব্যাগটি ঘিরে দুর্গন্ধ ও রক্তের দাগ দেখে তারা দ্রুত থানায় খবর দেন। পরে টঙ্গী পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি খুলে এক অজ্ঞাত ব্যক্তির দেহের একাধিক টুকরো উদ্ধার করে।
আরও পড়ুন : যে কারণে হত্যা করা হয়েছিল সাংবাদিক তুহিনকে
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ ফরিদুল ইসলাম বলেন, ‘সকাল সাড়ে ৯টায় একটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে অজ্ঞাত এক পুরুষের টুকরো করা মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শেষ রাতের কোনো এক সময় মরদেহটি ফেলে রাখা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু হয়েছে।’
পুলিশ মরদেহের অংশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পাশপাশি, সিসিটিভি ফুটেজ, স্থানীয় প্রত্যক্ষদর্শীর বক্তব্য, এবং পরিত্যক্ত ব্যাগের ধরন বিশ্লেষণ করে হত্যাকারীকে শনাক্তের চেষ্টা চলছে।
ঢাকা ডেস্ক 









