দেশের সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের জন্য একীভূত বেতন কাঠামো চালুর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতি। মঙ্গলবার (২৮ অক্টোবর) সচিবালয়ে পে কমিশনের সঙ্গে এক বৈঠকে সংগঠনটির নেতারা এই প্রস্তাব দেন।
প্রস্তাবনায় বলা হয়, বর্তমান আর্থসামাজিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং প্রতিবেশী দেশের অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় বিদ্যমান ২০ গ্রেডের বেতন কাঠামোতে সর্বনিম্ন মূল বেতন ৪০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণ করা উচিত। পাশাপাশি, কর্মীদের আবাসন সুবিধা বাড়াতে ৮০ শতাংশ বাড়িভাতা প্রদানের প্রস্তাবও করা হয়েছে।
আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত এক হাজারের বেশি
ভূতাত্ত্বিক সমিতি শুধু সরকারি কর্মচারীদের জন্য নয়, বরং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ভূতত্ত্ববিদসহ অন্যান্য পেশাজীবীদের ক্ষেত্রেও সমতুল্য বেতন কাঠামো নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আনোয়ার জাহিদ বলেন, “আমরা পাশের দেশগুলোর বেতন কাঠামো এবং বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় প্রস্তাব দিয়েছি। আশা করছি, কমিশন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।”
এছাড়া প্রস্তাবে বলা হয়, জীবনযাত্রার মানোন্নয়ন, অর্থনৈতিক বৈষম্য কমানো এবং কর্মীদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয়ভাবে বেতন বৃদ্ধি করার ব্যবস্থা নেওয়া যেতে পারে। এতে নিয়মিত পে কমিশনের প্রয়োজনীয়তা কমবে এবং দীর্ঘমেয়াদে একটি স্থিতিশীল বেতন কাঠামো প্রতিষ্ঠিত হবে।
ঢাকা ডেস্ক 









