ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘শাপলা’ প্রতীক বরাদ্দ নিয়ে নির্বাচন কমিশন তার আগের অবস্থানেই অটল আছে।
সোমবার (২৭ অক্টোবর) নির্বাচন ভবনে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
ইসি সচিব বলেন, বিধিমালায় ‘শাপলা’ প্রতীক না থাকায় এনসিপিকে এটা দেওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশন স্ববিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে।
‘শাপলা’ প্রতীকসংক্রান্ত প্রশ্নে তিনি আরও বলেন, কমিশন এরইমধ্যে তাদের অবস্থান জানিয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বিকল্প প্রস্তাব কমিশনের কাছে আসেনি। শাপলার প্রশ্নে এখনও নির্বাচন কমিশন আগের অবস্থানে আছে।
আরপিও সংশোধনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়টি নিয়ে আখতার আহমেদ বলেন, আরপিও সংশোধনের আগে কমিশন দীর্ঘ সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে। এখন পর্যন্ত কোনো সাংঘর্ষিক বিষয় দেখা যায়নি। তাই অনুমান নির্ভর মন্তব্য করা ঠিক হবে না।
ঢাকা ডেস্ক 









