আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচর জন্য ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব কেন্দ্রে মোট ২ লাখ ৪৬ হাজার ৭৩৯টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তালিকা প্রকাশ করেন *ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি জানান, দেশের ৬৪টি জেলার ৩০০ আসনে ভোট গ্রহণের জন্য সব প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
ইসি সচিব বলেন, “মোট ভোটকেন্দ্র হবে ৪২,৭৬১টি। এর মধ্যে পুরুষ ভোটকক্ষ ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং মহিলা ভোটকক্ষ ১ লাখ ২৯ হাজার ৬০২টি।”
তিনি আরও জানান, নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন প্রক্রিয়া চলতি সপ্তাহেই সম্পন্ন হবে।
আরও পড়ুন : মৃত্যুর আগের দিন : রুমে ঢুকেই সালমান-শাবনূরকে একসঙ্গে দেখেন সামিরা
এ সময় জাতীয় নাগরিক দল (এনসিপি)-র প্রতীক ইস্যু নিয়েও কথা বলেন আখতার আহমেদ। তিনি বলেন, “নির্বাচন বিধিমালায় ‘শাপলা’ প্রতীক নেই, তাই এনসিপিকে সেই প্রতীক দেওয়া সম্ভব নয়। কমিশন স্ববিবেচনায় অন্য একটি প্রতীক নির্ধারণ করবে।”
অন্যদিকে, গণভোট সংক্রান্ত কোনো তথ্য এখনো নির্বাচন কমিশনে পৌঁছায়নি বলেও জানান তিনি।
ইসি সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ভোটকেন্দ্রভিত্তিক প্রস্তুতি নিশ্চিত করতে ইতিমধ্যে মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয় শুরু করেছে কমিশন।
ঢাকা ডেস্ক 









