রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যুর ঘটনায় সাময়িক বন্ধ থাকা আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল পুনরায় চালু করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিকভাবে চালু রয়েছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএল তাদের সরকারি ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানায়, ‘আজ সকাল ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা নিরবচ্ছিন্নভাবে পুনরায় চালু করা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’
উল্লেখ্য রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক পথচারীর মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ওপর থেকে ভারী ধাতব বস্তুটি হঠাৎ নিচে পড়ে ওই ব্যক্তির মাথায় আঘাত হানে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : রাতভর সংঘর্ষে উত্তপ্ত আশুলিয়া, ধ্বংসস্তূপে সিটি বিশ্ববিদ্যালয়
ঘটনার পর আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং প্রকৌশলীরা নিরাপত্তা যাচাইয়ের কাজ শুরু করেন। উল্লেখযোগ্য যে, এর আগেও গত ১৮ সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায় মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়েছিল, যার ফলে ট্রেন চলাচল বন্ধ ছিল প্রায় ১১ ঘণ্টা।
উল্লেখ্য বড় সেতু ও উড়ালপথ নির্মাণে ব্যবহৃত বিয়ারিং প্যাড একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি বিশেষ ধরনের রাবার দিয়ে তৈরি, যা কাঠামোর ওপরের চাপ সরাসরি পিলারে না ফেলে মাটিতে সঞ্চারিত করে। প্রতিটি প্যাডের ওজন প্রায় ১৪০ থেকে ১৫০ কেজি, এবং বাংলাদেশের মেট্রোরেল প্রকল্পেও এই উপাদান ব্যবহার করা হয়েছে।
মেট্রোরেলের এই দুর্ঘটনা রাজধানীর নাগরিকদের মাঝে উদ্বেগ তৈরি করলেও কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকা ডেস্ক 









