রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া চলছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুপুরে মেট্রোরেল চলাচলের সময় হঠাৎ ওপর থেকে একটি ভারী বিয়ারিং প্যাড নিচে পড়ে এক পথচারীর মাথায় আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন : নভেম্বরেই দেশে ফিরছেন তারেক রহমান, প্রস্তুত বিএনপি
তেজগাঁও থানার উপ-পরিদর্শক শহিদুজ্জামান বলেন, “আমরা কাছেই ডিউটিতে ছিলাম। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দেখি ব্যক্তি মৃত অবস্থায় পড়ে আছেন।”
প্রাথমিক তদন্তে জানা গেছে, পিলারের কম্পন নিয়ন্ত্রণে ব্যবহৃত একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে যায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
এই ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয়দের অনেকে অভিযোগ করেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।
ঢাকা ডেস্ক 









