পটুয়াখালীর কুয়াকাটায় ভ্যাট কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে বিক্ষোভে ফুঁসছে পর্যটন ব্যবসায়ীরা। এর প্রতিবাদে তারা সোমবার (২৭ অক্টোবর) থেকে কুয়াকাটার সব হোটেল, মোটেল ও রিসোর্ট বন্ধের ঘোষণা দিয়েছেন।
শনিবার সকাল ১১টায় কুয়াকাটা প্রেস ক্লাবের সামনে পর্যটন সংশ্লিষ্ট ১৬টি পেশার শতাধিক ব্যবসায়ী একত্রিত হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। তারা অভিযোগ করেন, পটুয়াখালী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার জামিউল আলম এক হোটেলে গিয়ে ম্যানেজারের সঙ্গে অশোভন আচরণ করেন, যা স্থানীয় ব্যবসায়ী সমাজের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে।
হোটেল-মোটেল অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এমএ মোতালেব শরীফ মানববন্ধনে বলেন, “একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ অগ্রহণযোগ্য। আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কুয়াকাটার সব ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।”
আরও পড়ুন : বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭ হাজার ৯১৭ জন
একই দাবি জানান সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও অন্যান্য নেতারাও। তারা বলেন, ভ্যাট কর্মকর্তার আচরণ কেবল ব্যবসায়ী সমাজের মর্যাদাকেই ক্ষুণ্ণ করেনি, বরং পুরো পর্যটন শিল্পের ভাবমূর্তি নষ্ট করেছে।
এদিকে, ঘটনাটির একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় ভ্যাট কর্মকর্তা ও রাজস্ব বিভাগের এক কর্মকর্তা হোটেল ম্যানেজারের সঙ্গে তর্কে জড়ান এবং মোবাইল ফোন কেড়ে নিতে চান।
এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে সহকারী কমিশনার জামিউল আলম জানান, “বিষয়টি তদন্তাধীন, তাই এ মুহূর্তে কোনো মন্তব্য করতে চাই না।”
পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, “এ ধরনের আচরণ দুঃখজনক। পর্যটনের স্বার্থে দ্রুত সমাধানের জন্য কলাপাড়া উপজেলা প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে।”
ঢাকা ডেস্ক 









