রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় জাহিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জাহিদ জেনেভা ক্যাম্পের বাসিন্দা ছিলেন। রাজধানীর কল্যাণপুরে মোবাইল সার্ভিসিংয়ের একটি দোকানে কাজ করতেন জাহিদ। তার বাবার নাম মো. ইমরান (মৃত)।
নিহতের ভগ্নীপতি রবিন হোসেন উজ্জ্বল জানান, জাহিদ কল্যাণপুরের মিজান টাওয়ারে তার দোকানে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতেন। বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জেনেভা ক্যাম্পের ভেতরে দুই পক্ষের মধ্যে মারামারি চলছিল। সে সময় জাহিদ বাসা থেকে বের হয়ে সামনে এগিয়ে গেলে একটি ককটেল এসে তার মাথায় লাগে, এতে তিনি গুরুতর আহত হন।
তিনি আরও জানান, এরপর দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ট্রমা সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জাহিদকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার মো. আতিকুর রহমান জুয়েল বলেন, ভোরে খবর আসে জেনেভা ক্যাম্পে দ্রুই গ্রুপের মধ্যে ব্যাপক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এরপর দ্রুত ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়। তবে ততক্ষণে পরিস্থিতি শান্ত হয়ে যায়।
তিনি আরও বলেন, সেখানে গিয়ে পুলিশ জানতে পারে ঘটনাটিতে একজন আহত হয়েছেন। তবে তার বিস্তারিত কেউ বলতে পারেনি।
ঢাকা ডেস্ক 









