বিশ্ববাজারে আবারও উর্ধ্বমুখী হয়েছে স্বর্ণের দাম। রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা এবং চীনের রপ্তানি নিয়ন্ত্রণ পরিকল্পনার কারণে বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়ে বৃহস্পতিবার দাম আবারও বেড়েছে।
বৃহস্পতিবার দুপুর পর্যন্ত স্পট গোল্ডের দাম বেড়ে দাঁড়ায় আউন্সপ্রতি ৪,১১৯.৪৯ ডলার, যা আগের দিনের তুলনায় প্রায় ০.৬ শতাংশ বেশি। আগের দিন স্বর্ণের দাম দুই সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।
অন্যদিকে, ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন স্বর্ণ ফিউচারের দাম বেড়ে আউন্সপ্রতি ৪,১৩৬ ডলার, যা আগের তুলনায় প্রায় ১.৮ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।
আরও পড়ুন : শুঁটকি: পুষ্টিগুণে ভরপুর নাকি স্বাস্থ্যঝুঁকির উৎস?
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ইউক্রেন ইস্যুতে প্রথমবারের মতো রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন। এতে রাশিয়ার জ্বালানি কোম্পানি লুকঅয়েল এবং রসনেফট এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি, চীনের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে ওয়াশিংটন ল্যাপটপ থেকে জেট ইঞ্জিন পর্যন্ত বিভিন্ন সফটওয়্যারনির্ভর রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপের পরিকল্পনা করছে।
অন্যদিকে, চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৫৭ শতাংশ, যা সোমবার ইতিহাসের সর্বোচ্চ ৪,৩৮১.২১ ডলার প্রতি আউন্সে পৌঁছেছিল। বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক অনিশ্চয়তা, সুদহার কমার প্রত্যাশা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক স্বর্ণ কেনাই এই বৃদ্ধির মূল কারণ।
এদিন অন্যান্য মূল্যবান ধাতুর দামে মিশ্র প্রবণতা দেখা যায়। স্পট রুপার দাম বেড়ে দাঁড়ায় ৪৯.৩৩ ডলার (১.৭% বৃদ্ধি), প্লাটিনামের দাম বেড়ে হয়েছে ১,৬৫৯.৫০ ডলার (২.৩% বৃদ্ধি), তবে প্যালাডিয়ামের দাম সামান্য কমে দাঁড়িয়েছে ১,৪৫০ ডলার (০.৬% হ্রাস)।
সূত্র: রয়টার্স
ঢাকা ডেস্ক 









