হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)।
সোমবার (২০ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, “এই অগ্নিকাণ্ড আমাদের রপ্তানি খাতে গভীর উদ্বেগ তৈরি করেছে। এতে নিরাপত্তা ব্যবস্থার চরম দুর্বলতা স্পষ্ট হয়েছে।”
তিনি জানান, প্রাথমিকভাবে প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। শুধু ওষুধ শিল্পেই ৩২টি প্রতিষ্ঠানের অন্তত ২০০ কোটি টাকার পণ্য নষ্ট হয়েছে, এবং এই ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন : বাড়িভাড়া ভাতা প্রত্যাখ্যান করে শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ
ইএবি সভাপতি আরও বলেন, বিমা করা পণ্যের ক্ষতিপূরণ দ্রুত নিষ্পত্তির পাশাপাশি বিমার বাইরে থাকা পণ্যের জন্য সরকারি বিশেষ তহবিল গঠনের দাবি জানানো হচ্ছে, যাতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত পুনরুদ্ধার করতে পারেন।
প্রসঙ্গত, শনিবার (১৮ অক্টোবর) বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বিপুল পরিমাণ রপ্তানিযোগ্য পণ্য পুড়ে যায়। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী এবং বিজিবির সমন্বিত প্রচেষ্টায় সাড়ে সাত ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ঢাকা ডেস্ক 









