সরকারের নতুন প্রজ্ঞাপনে মাত্র ৫ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে নবম দিনের মতো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে শত শত শিক্ষক-কর্মচারীকে শহীদ মিনার চত্বরে অবস্থান নিতে দেখা যায়। দীর্ঘদিন ধরে চলা এই আন্দোলনে তাদের দাবির প্রতি সরকারের অনীহায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষক নেতারা।
আরও পড়ুন : গাজায় নতুন করে হামলার পর যুদ্ধবিরতি পুনরায় কার্যকর ঘোষণা ইসরাইলের
এর আগে রোববার (১৯ অক্টোবর) দুপুরে “ভুখা মিছিল” কর্মসূচি পালনের সময় পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। এরপর শিক্ষক সংগঠনগুলোর নেতারা আমরণ অনশন ও সার্বিক কর্মবিরতির ঘোষণা দেন।
শিক্ষক নেতারা বলেন, সরকারের প্রজ্ঞাপন শিক্ষকদের জীবনযাত্রার বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। ক্রমবর্ধমান দ্রব্যমূল্য ও ভাড়া বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ৫ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধি “প্রহসন” ছাড়া কিছু নয় বলে দাবি তাদের।
এদিকে এমপিওভুক্ত শিক্ষকদের এই আন্দোলনের প্রতি বিএনপি, গণ অধিকার পরিষদ এবং এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল সংহতি জানিয়েছে। শিক্ষক সংগঠনগুলো জানিয়েছে, তিন দফা দাবি মেনে সংশোধিত প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
ঢাকা ডেস্ক 









