আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল নিয়ে তীব্র সমালোচনা করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি সতর্ক করে বলেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরলে ‘হাসিনার পা ধরেও কেউ ক্ষমা পাবেন না।’
রোববার (১৯ অক্টোবর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সাবেক এই ছাত্রনেতা দাবি করেন, আওয়ামী লীগ নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পরিকল্পনা করছে। তার অভিযোগ, দলটি বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ, গুপ্তহত্যা এবং নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার মতো তৎপরতা চালাতে পারে।
আরও পড়ুন : বিশ্বে বাংলাদেশি পাসপোর্টের অবস্থান নিম্নমুখী
রাশেদ খান লিখেছেন, ‘বারবার বলেছি—নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশকে অস্থির করে তুলবে আওয়ামী লীগ। তারা যদি ফেব্রুয়ারির নির্বাচন ঠেকাতে পারে, তবে দেশে আরেকটি ১/১১-পরিস্থিতি তৈরি হবে। শেখ হাসিনার নির্দেশেই তারা এই অগ্নিসংযোগের পথ বেছে নিয়েছে।’
তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, সামনে গুপ্তহত্যার মতো ঘটনা ঘটতে পারে। ‘যদি আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ করতে ব্যর্থ হই, তবে আওয়ামী লীগ আবারও ফিরবে—আর তখন হাসিনার পা ধরেও কেউ রেহাই পাবে না,’ বলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক।
শেষে রাশেদ খান সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকুন। নিজেদের বিভক্তির সুযোগে যেন ভারতীয় প্রভাবাধীন আওয়ামী লীগকে ফের ক্ষমতায় ফিরতে না দেওয়া হয়।’
ঢাকা ডেস্ক 









