পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলায় আফগানিস্তানের তিন ক্রিকেটার নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৭ অক্টোবর) রাতে পাকতিকা প্রদেশে। এ হামলায় মোট ছয়জন প্রাণ হারান, যাদের মধ্যে স্থানীয় তিনজন ক্রিকেটার ছিলেন বলে জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ACB)।
বিমান হামলার পরপরই দেশটির ক্রিকেট বোর্ড এক্স (পূর্বে টুইটার)-এ বিবৃতি দিয়ে জানায়, নিহত ক্রিকেটাররা প্রাদেশিক রাজধানী শারানায় একটি স্থানীয় প্রীতি ম্যাচ খেলে বাড়ি ফেরার পথে লক্ষ্যবস্তুতে পরিণত হন।
আরও পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামের সংঘর্ষ, আহত ৩০
বিবৃতিতে বলা হয়, “এই ক্ষতি আমাদের ক্রিকেট পরিবার এবং সমগ্র জাতির জন্য গভীর বেদনার। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।”
আগামী মাসে পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজটি রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এটি আফগানিস্তানের প্রথম পাকিস্তান সফর হওয়ার কথা থাকলেও সাম্প্রতিক সংঘাতের কারণে সেটি আর সম্ভব হচ্ছে না।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে দুই দেশের সীমান্তে সংঘর্ষ ও বিমান হামলায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। পরিস্থিতি ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে, আর সেই প্রেক্ষাপটে ক্রীড়া সম্পর্কও ভেঙে পড়েছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
ঢাকা ডেস্ক 









