চীনের সেনাবাহিনীতে ব্যাপক শুদ্ধি অভিযান শুরু করেছে দেশটির কমিউনিস্ট পার্টি (সিসিপি)। দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগে একসঙ্গে নয়জন উচ্চপদস্থ জেনারেলকে বরখাস্ত করা হয়েছে। সাম্প্রতিক দশকগুলোর মধ্যে এটিকে সবচেয়ে বড় সামরিক রদবদল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। খবর—বিবিসি।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বরখাস্ত হওয়া কর্মকর্তারা গুরুতর আর্থিক অনিয়মে জড়িত ছিলেন। তাদের সেনাবাহিনী ও দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সামরিক আদালতে মামলা চলবে।
সবচেয়ে আলোচিত বরখাস্ত কর্মকর্তা হলেন হে ওয়েইডং, যিনি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঘনিষ্ঠ এবং সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ পদে ছিলেন—কেন্দ্রীয় সামরিক কমিশনের (সিএমসি) উপ-সভাপতি হিসেবে। মার্চ মাস থেকে জনসমক্ষে অনুপস্থিত থাকার পর থেকেই তার বিরুদ্ধে তদন্তের গুঞ্জন চলছিল।
আরও পড়ুন : যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল পাকিস্তান ও আফগানিস্তান
অন্যদিকে, বরখাস্ত হওয়া বাকি জেনারেলদের মধ্যে আছেন সিএমসির রাজনৈতিক বিভাগের প্রধান মিয়াও হুয়া, রকেট ফোর্সের প্রধান ওয়াং হৌবিন, নৌবাহিনীর রাজনৈতিক কমিশনার ইউয়ান হুয়াঝি, এবং সশস্ত্র পুলিশের প্রধান ওয়াং চুননিং।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই শুদ্ধি অভিযান শুধু দুর্নীতিবিরোধী পদক্ষেপ নয়—এটি শি জিনপিংয়ের ক্ষমতা আরও সুসংহত করার কৌশলও হতে পারে। তিনি দীর্ঘদিন ধরে দুর্নীতি দমনকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ও আনুগত্য জোরদারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তবে পর্যবেক্ষকরা সতর্ক করেছেন, এমন পদক্ষেপ সেনাবাহিনী ও প্রশাসনে ভয় ও অচলাবস্থার সংস্কৃতি তৈরি করতে পারে।
আগামী ২০ অক্টোবর চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে অংশগ্রহণকারীদের তালিকা থেকেই বোঝা যাবে—এই শুদ্ধি অভিযান কতদূর বিস্তৃত হয়েছে।
ঢাকা ডেস্ক 









