রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় চারটি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলো দায়ের করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।
শনিবার (১৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান। তিনি জানান, সব মামলার বাদী পুলিশ সদস্যরা। এর মধ্যে একটি মামলা করেছেন একজন ট্রাফিক সার্জেন্ট এবং বাকি তিনটি মামলার বাদী শেরেবাংলা নগর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
মামলাগুলোর সব আসামিই অজ্ঞাতনামা, এবং প্রায় ৮০০ থেকে ৯০০ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত রিমন চন্দ্র বর্মন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন : শিক্ষকদের ন্যায্য দাবিতে বিএনপির নীতিগত সমর্থন: তারেক রহমান
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে নিজেদের তিনটি দাবি জুলাই সনদে অন্তর্ভুক্ত করার দাবিতে আন্দোলন শুরু করে ‘জুলাই যোদ্ধা’ সংগঠনের সদস্যরা। একপর্যায়ে তারা সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত হয়।
সংঘর্ষের সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল ও চেয়ার নিক্ষেপ করে। পাল্টা ব্যবস্থা হিসেবে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সড়কে আগুন ধরানো ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।
ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে, তবে কারও অবস্থা গুরুতর নয়। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্তে ভিডিও ফুটেজ বিশ্লেষণ চলছে।
ঢাকা ডেস্ক 









