জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য ‘জুলাই জাতীয় সনদ–২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নেওয়া ‘জুলাই যোদ্ধাদের’ সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এতে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা সংসদ ভবন এলাকা থেকে বেরিয়ে এসে পুলিশের গাড়িসহ কয়েকটি ট্রাক ও বাসে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে ও বিক্ষোভকারীদের ধাওয়া দেয়।
আরও পড়ুন : তিন দফা দাবিতে সংসদ ভবনের গেটে জুলাই যোদ্ধাদের অবস্থান
এর আগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে টানা বিক্ষোভের পর সকালে ‘জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা’ ব্যানারে আন্দোলনকারীরা সংসদ ভবনের ১২ নম্বর গেটের সামনে জড়ো হন। কিছু সময় পর তারা গেট টপকে ভেতরে ঢুকে পড়েন এবং অনুষ্ঠানের মঞ্চের সামনে বসে স্লোগান দিতে থাকেন।
উল্লেখ্য, শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ–২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এতে উপস্থিত থাকার কথা।
ঢাকা ডেস্ক 









