রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয় ভোটগ্রহণ কার্যক্রম।
সকালে থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দুপুরের পর ভোটারদের দীর্ঘ সারি দেখা যায় একাধিক কেন্দ্রে। শেষ সময় পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট দেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন : শহীদ মিনার থেকে শিক্ষকদের আলটিমেটাম
রাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শেষ হয় গত মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ১২টায়। এবারের নির্বাচনে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলসহ মোট ১১টি প্যানেল অংশ নেয়।
সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদের জন্য ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ১৭টি হল সংসদের ১৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৯৭ জন প্রার্থী।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন—এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ জন এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন।
নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। গণনা শেষে ফলাফল পরে ঘোষণা করা হবে।
ঢাকা ডেস্ক 









