চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে অনলাইন এবং স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়।
এবার এইচএসসিতে পাশের হার ৫৮ দশমিক ৮৩। ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন শিক্ষার্থী। মোট পরীক্ষার্থীর ৪১ দশমিক ১৭ শতাংশই ফেল করেছেন।
এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন।
প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর এইচএসসিতে মোট জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। এরমধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৬৩ হাজার ২১৯ জন। যারমধ্যে ২৯ হাজার ৬১ জন ছাত্র এবং ৩৪ হাজার ১৫৮ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন। আর সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছেন ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা।
এ ছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ২৬৮ জন। এরমধ্যে ছাত্র ২ হাজার ৫৯৫ জন এবং ছাত্রী ১ হাজার ৬৭৩ জন। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬১০ জন। এরমধ্যে ৩৯৭ জন ছাত্র এবং ১ হাজার ২১৩ জন ছাত্রী।
পরীক্ষার ফলাফল নিয়ে রাজধানীর বকশীবাজারে ঢাকা শিক্ষা বোর্ডে ব্রিফিং করেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল হক।
তিনি জানান, ঢাকা বোর্ডে পাসের হার ৬৪.৬২, রাজশাহীতে ৫৯.৪০, কুমিল্লায় ৪৮.৮৬, যশোরে ৫০.২০, চট্টগ্রামে ৫২.৫৭, বরিশালে ৬২.৫৭, সিলেটে ৫১.৮৬, দিনাজপুরে ৫৭.৪৯, ময়মনসিংহে ৫১.৫৪, মাদরাসা শিক্ষা বোর্ডে ৭৫.৬১ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৬২.৬৭। এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন।
ঢাকা ডেস্ক 









