বাড়িভাড়া ভাতা বৃদ্ধি ও প্রেস ক্লাব এলাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে সোমবার (১৩ অক্টোবর) থেকে সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা।
রবিবার (১২ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে এই ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি।
তিনি বলেন, ‘প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের ওপর অন্যায়ভাবে হামলা চালানো হয়েছে। এর প্রতিবাদে সোমবার থেকে দেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।’
আরও পড়ুন : ঢাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার
এর আগে দুপুরে প্রেস ক্লাব এলাকায় অবস্থান কর্মসূচিতে থাকা শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শিক্ষকরা বিভিন্ন দিকে সরে যান। একদল শহীদ মিনারে অবস্থান নিলেও, অপর একটি অংশ প্রেস ক্লাবের সামনেই থেকে যায় এবং সচিবালয় অভিমুখে লং মার্চের আহ্বান জানায়।
এ সময় দেলাওয়ার হোসেন আজীজি বলেন, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা শ্রেণিকক্ষে ফিরবেন না। তিনি আরও জানান, বাড়িভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশে উন্নীত করা না হলে আন্দোলন চলবে।
অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার সূত্রে জানা গেছে, সরকারের পক্ষ থেকে দাবি বাস্তবায়নের বিষয়ে ২২ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
শিক্ষকরা বলছেন, আগের মতো আশ্বাসে তারা এবার ফিরবেন না—সরকারি প্রজ্ঞাপন প্রকাশের পরেই তারা কর্মবিরতি প্রত্যাহার বিবেচনা করবেন।
ঢাকা ডেস্ক 









