ওয়ার্ল্ড ফুড ফোরামের প্রধান অনুষ্ঠানে যোগ দিতে ইতালির রাজধানী রোমের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (১২ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সফরসূচি অনুযায়ী, রোমে অনুষ্ঠিতব্য ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন ড. ইউনূস। এ সময় তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নসহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত পদক্ষেপের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানা গেছে।
আরও পড়ুন : বিশ্বে বায়ুদূষণে চতুর্থ স্থানে ঢাকা
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত এ ওয়ার্ল্ড ফুড ফোরাম চলবে ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত। ফোরামটি বিশ্বব্যাপী নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তাদের একত্র করে খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে বিবেচিত।
প্রধান উপদেষ্টার এই সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় ও গঠনমূলক কূটনৈতিক ভূমিকার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।
ড. মুহাম্মদ ইউনূস আগামী ১৫ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।
ঢাকা ডেস্ক 









