রাজধানী ঢাকায় বায়ুদূষণের মাত্রা কমার কোনো লক্ষণ নেই। আজও শহরটির বাতাস রয়েছে ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে। সুইজারল্যান্ডভিত্তিক গবেষণা সংস্থা আইকিউএয়ার-এর তথ্য অনুযায়ী, রোববার (১২ অক্টোবর) সকাল ১১টা ৪৩মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৬০, যা বিশ্বে চতুর্থ সর্বোচ্চ।
একিউআই সূচকে দেখা যায়, এদিন পাকিস্তানের লাহোর ১৬৯ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে ভারতের দিল্লি (১৬৭), তৃতীয় স্থানে ইতালির মিলানো (১৬৩)।
বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর ৫০ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ মানের বায়ু হিসেবে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ স্কোর হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকলে সরাসরি ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। এ পর্যায়ে দীর্ঘ সময় বাইরে অবস্থান বা শারীরিক পরিশ্রম থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।
আরও পড়ুন : আজকের আবহাওয়া
একইসঙ্গে, একিউআই মান ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে সেটি ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ এর ওপরে গেলে ‘বিপজ্জনক’ হিসেবে গণ্য হয়—যা মানুষের শ্বাসযন্ত্রসহ সামগ্রিক স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করে।
পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, শুষ্ক মৌসুমে নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া ও শিল্প এলাকা থেকে নির্গত ধূলিকণার কারণে ঢাকার বায়ুদূষণ বাড়ে। তবে বছরের প্রায় পুরো সময়ই রাজধানীর বায়ুর মান নিরাপদ সীমার বাইরে থাকে, যা নগরবাসীর স্বাস্থ্যের জন্য উদ্বেগজনক।
ঢাকা ডেস্ক 









