মিশরের পর্যটন নগরী শারম আল-শেখের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কাতারের তিনজন কূটনীতিক প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
স্থানীয় সংবাদমাধ্যম আল-কাহেরা নিউজ জানিয়েছে, শনিবার গভীর রাতে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। গাড়িটিতে পাঁচজন কাতারি নাগরিক ও একজন মিশরীয় চালক ছিলেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন কূটনীতিক মারা যান।
কায়রোয় অবস্থিত কাতারি দূতাবাস এক বিবৃতিতে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে এবং জানিয়েছে, নিহতদের মরদেহ আজ বিমানে করে দোহায় পাঠানো হবে। আহত দুজন বর্তমানে শারম আল-শেখ আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: ঢাকা-ময়মনসিংহ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ
সূত্র জানায়, দুর্ঘটনার আগে ওই কূটনীতিকরা গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি সংক্রান্ত এক বৈঠকে অংশ নিয়েছিলেন। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত কয়েক মাস ধরে এ বিষয়ে আলোচনা চলছিল।
উল্লেখযোগ্য যে, আগামী সোমবার থেকে শারম আল-শেখে শুরু হচ্ছে আন্তর্জাতিক শান্তি সম্মেলন, যেখানে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বের ২০টিরও বেশি দেশের নেতারা অংশ নেবেন। সম্মেলনের যৌথ সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।
এই মর্মান্তিক দুর্ঘটনা কূটনৈতিক মহলে গভীর শোকের ছায়া ফেলেছে এবং আসন্ন শান্তি সম্মেলনের প্রাক্কালে কাতারের প্রতিনিধিদলে শূন্যতা সৃষ্টি করেছে বলে জানিয়েছে একাধিক সূত্র।
ঢাকা ডেস্ক 









