দেশের নয়টি অঞ্চলে রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সন্ধ্যায় প্রকাশিত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ফলে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন : আন্তর্জাতিক অপরাধ মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তা সেনাসদরের হেফাজতে
এ ছাড়া রোববার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু–একটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
অধিদপ্তর আরও জানিয়েছে, কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমবে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
ঢাকা ডেস্ক 









