পঞ্চগড় জেলায় দুই দিন ধরে বৃষ্টির মতো ঝরেছে কুয়াশা। ভোর হতেই ঘন কুয়াশায় ঢেকে যায় চারদিক। প্রকৃতি জানিয়ে দিচ্ছে দুয়ারে কড়া নাড়ছে শীত।
শনিবার (১১ অক্টোবর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।
ভোরে পুরো জেলাজুড়ে কুয়াশায় মাঠ-ঘাট, গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরের রাস্তাঘাট সবকিছুই যেন সাদা পর্দার আড়ালে হারিয়ে যায়। দৃশ্যমানতা কয়েক হাত দূরে সীমাবদ্ধ হয়ে পড়ায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়। ঘাসের ডগা, গাছের পাতা আর ধানের শীষে ঝুলে থাকা শিশির বিন্দুগুলো যেন ইঙ্গিত দিচ্ছিল শীতের আগমন আসন্ন।
পঞ্চগড় সদর উপজেলার গলেহাহাট এলাকার বাসিন্দা মশিউর রহমান বলেন, সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ কুয়াশায় ঢেকে গেছে। কুয়াশা বৃষ্টির মতো ঝরেছে। কয়েক হাত দূরেও কিছু দেখা যাচ্ছিল না।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পর্যবেক্ষক) জিতেন্দ্রনাথ রায় বলেন, শনিবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।
তিনি আরও বলেন, অক্টোবরের শেষ দিকে কুয়াশা ও শীতের মাত্রা আরও বাড়তে পারে। ধীরে ধীরে উত্তর দিক থেকে শীতল বাতাস প্রবাহ শুরু হলে নভেম্বর নাগাদ শীতের আমেজ পুরোপুরি অনুভূত হবে।
ঢাকা ডেস্ক 









