প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, “আইনের শাসন কাকে বলে—তা আমরা আগামী জাতীয় নির্বাচনে দেখাতে চাই।”
শনিবার (১১ অক্টোবর) চট্টগ্রামে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, প্রিজাইডিং অফিসারদের সব ধরনের প্রশাসনিক ক্ষমতা দেওয়া হবে, যাতে তারা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারেন। তবে সেই ক্ষমতার অপব্যবহার করা হলে তা অপরাধ হিসেবে গণ্য হবে।
আরও পড়ুন : পঞ্চগড়ে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা
তিনি আরও বলেন, “আমরা এমন একটি নির্বাচন চাই, যেখানে প্রিজাইডিং অফিসারদের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। তারা যদি দায়িত্বশীলভাবে কাজ করেন, তাহলে স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব।”
নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশন চায় জনগণ নিজের ভোট নিজে দিক, কেউ যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়। “আইনের শাসন মানে শুধু নিয়ম তৈরি নয়, বরং তা সঠিকভাবে বাস্তবায়ন করাই মূল লক্ষ্য,” যোগ করেন তিনি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং নির্বাচন-সম্পর্কিত দায়িত্বে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন সিইসি।
ঢাকা ডেস্ক 









