শিক্ষা ক্যাডারের কর্মকর্তা নিয়োগের জন্য অনুষ্ঠিত ৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (MCQ) এর ফল আগামী ৭ থেকে ১০ কার্যদিবসের মধ্যে প্রকাশ করা হবে। এরপর ২৬ অক্টোবর থেকে শুরু হবে মৌখিক (ভাইভা) পরীক্ষা, যেখানে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা অংশ নিবেন।
শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় কেন্দ্রীভূতভাবে এই লিখিত পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন প্রার্থীর নাম তালিকাভুক্ত থাকলেও সরকারি কর্ম কমিশন (পিএসসি) এখনও জানায়নি ঠিক কতজন পরীক্ষায় অংশ নিয়েছেন।
আরও পড়ুন : ইসরায়েলের বন্দিদশা থেকে মুক্তি পেলেন আলোকচিত্রী শহিদুল আলম
পিএসসির এক সদস্য বলেন, “চিকিৎসক নিয়োগের জন্য ৪৮তম বিশেষ বিসিএসের ফল মাত্র তিন দিনে প্রকাশ করা সম্ভব হয়েছিল, কিন্তু তাতে পরীক্ষার্থীর সংখ্যা কম ছিল। এবার ৪৯তম বিসিএসে প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় ফল প্রকাশে ৭ থেকে ১০ কার্যদিবস সময় লাগতে পারে।”
পরবর্তী ধাপ হিসেবে, পিএসসির রোডম্যাপ অনুযায়ী, ২৬ অক্টোবর থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। ফল প্রস্তুতি দ্রুত শেষ হলে, চূড়ান্ত ফল বা নিয়োগের সুপারিশ ডিসেম্বরের প্রথম সপ্তাহের আগে বা নভেম্বরের শেষ সপ্তাহেও প্রকাশ হতে পারে।
৪৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে দেশের সরকারি সাধারণ কলেজে ৬৫৩টি এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০টি শূন্যপদে প্রভাষক নিয়োগ দেওয়া হবে।
ঢাকা ডেস্ক 









