রাজধানীতে গত কয়েকদিন ধরেই অনিয়মিত বৃষ্টি চলছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল থেকেও ঢাকার বিভিন্ন এলাকায় রিমঝিম বৃষ্টি দেখা গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টি ঢাকাসহ আশপাশের জেলাগুলোতে আরও দু-তিন দিন অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, “মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণেই বর্তমানে এ বৃষ্টিপাত হচ্ছে। আগামী দুই থেকে তিন দিন ঢাকাসহ আশপাশের এলাকায় বৃষ্টি অব্যাহত থাকবে। তবে মৌসুমি বায়ু পুরোপুরি বিদায় নিলে বৃষ্টির প্রবণতা কমে যাবে।”
দিনভর থেমে থেমে বৃষ্টিতে শহরের অনেক সড়কে পানির স্তর কিছুটা বেড়ে গেলেও বড় ধরনের জলাবদ্ধতা দেখা যায়নি। তবে সকালে ছুটির দিন হলেও মানুষ ও পথচারীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।
বৃষ্টির প্রভাবে রাজধানীর বিভিন্ন শপিংমলে ক্রেতাদের উপস্থিতিও কিছুটা কম দেখা গেছে। বিক্রেতারা জানান, টানা বৃষ্টির কারণে বিক্রি আশানুরূপ হয়নি। তবে বৃষ্টির মধ্যেও যানজটের তেমন প্রভাব পড়েনি বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ।
আবহাওয়া অধিদপ্তর মনে করছে, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে, এরপর ধীরে ধীরে মৌসুমি বায়ু বিদায় নেবে এবং শীতের আগমনের ইঙ্গিত মিলবে।
বিষয়: ঢাকা বৃষ্টি আবহাওয়া অধিদপ্তর মৌসুমি বায়ু
ঢাকা ডেস্ক 









