দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৮১ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মৃত্যুর চারজনই পুরুষ। তাদের বয়স ১৩, ১৪, ৩৯ ও ৫৫ বছর। এদের মধ্যে একজন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, একজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে, এবং দুইজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আরও পড়ুন : ১৫ অক্টোবর স্বাক্ষর হবে জুলাই সনদ
নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বাধিক ঢাকা মহানগর এলাকায়। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬২ জন, ঢাকা দক্ষিণে ১১৬ জন, আর রাজধানীর বাইরে ঢাকা বিভাগের জেলাগুলোতে ১০১ জন রোগী ভর্তি হয়েছেন।
এছাড়া চট্টগ্রাম বিভাগে ৮২, বরিশালে ১৩০, রাজশাহীতে ৬৩, খুলনায় ৪৮, ময়মনসিংহে ৪০, রংপুরে ৩২ এবং সিলেট বিভাগে ৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, আবহাওয়া অনুকূলে থাকায় আগামী কয়েক সপ্তাহে সংক্রমণ আরও বাড়তে পারে।
ঢাকা ডেস্ক 









