জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রস্তাবিত গণভোট নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে। তবে এই গণভোটে যদি ‘না’ পক্ষ জয়ী হয়, তাহলে পুরো সংস্কার প্রক্রিয়া থেমে যেতে পারে বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘সব দল গণভোটে রাজি হয়েছে, এখন বিতর্ক শুধু সময় নিয়ে—কবে হবে তা নিয়েই টানাপোড়েন।’
তিনি জানান, বিএনপিসহ কয়েকটি দল চায় জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট হোক, আর জামায়াত, এনসিপি ও আরও কিছু দল নভেম্বর বা ডিসেম্বরে আয়োজনের পক্ষে।
আরও পড়ুন : পারিবারিক বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, শ্যালিকা আটক
মাসুদ কামালের মতে, রাজনৈতিক দলগুলো ধরে নিয়েছে গণভোটে ‘হ্যাঁ’ পক্ষই জয়ী হবে। কিন্তু তিনি প্রশ্ন রাখেন—‘জনগণ কি সত্যিই সেই পথে যাবে?’
তিনি বলেন, ‘বিএনপি প্রথমে এই গণভোটে খুব আগ্রহী ছিল না। তাদের প্রস্তাব ছিল—নির্বাচনের পর সংসদের মাধ্যমে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হোক। কিন্তু জামায়াত-এনসিপিসহ অন্য দলগুলো বিএনপির ওপর আস্থা রাখেনি। এখন প্রশ্ন হলো, ভোটের সময় বিএনপির সমর্থকরা কি সেটা ভুলে যাবে? যদি আওয়ামী লীগের ভোটও ‘না’ পক্ষে যায়?’
শেষে তিনি সতর্ক করে বলেন, ‘সবকিছু মিলিয়ে যদি গণভোটে ‘না’ জয়ী হয়, তাহলে সংস্কার প্রক্রিয়া পুরোপুরি থেমে যাবে, ভেস্তে যাবে জুলাই সনদের বাস্তবায়ন পরিকল্পনাও।’
ঢাকা ডেস্ক 









