বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে একটি অবাধ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়।
বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, স্বভাবতই আলোচনার বিষয়বস্তু ছিল নির্বাচন। সবাই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আগ্রহ ভরে অপেক্ষা করছে। এ ছাড়া বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে।
বাংলাদেশের আসন্ন নির্বাচনে ইইউ তাদের পর্যবেক্ষক পাঠাবে-এমন তথ্য উল্লেখ করে আমীর খসরু বলেন, বাংলাদেশের নির্বাচনে ইইউর একটি অবদান সব সময়ই থাকে। তারা একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের অপেক্ষায় আছে।
বিএনপির এই নেতা আরও বলেন, ‘বিদেশিদের কাছে আমাদের নালিশ করার কিছু নেই। বাংলাদেশে কী হবে, তা জনগণই ঠিক করবে। তবে ইউরোপীয় ইউনিয়ন সবসময় বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখে, এবারও তারা তা অব্যাহত রাখতে চায়।’
আলোচনায় বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক সম্পর্কের বিষয়টিও এসেছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প এই পর্যায়ে এসেছে তাদের দেশে বিনা শুল্কে প্রবেশের কারণে। তারা বলেছে, এটি আগামী দিনেও তারা অব্যাহত রাখবে।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক পরামর্শক কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
ঢাকা ডেস্ক 









