চলমান যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।
আলজাজিরা জানিয়েছে, গতকাল সোমাবর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গুলিতে নিহত হয়েছেন ১০ জন। এদের মধ্যে ৩ জন নিহত হয়েছেন খাদ্য ও ত্রাণ নিতে গিয়ে।
গত সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি পরিকল্পনা পেশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এই পরিকল্পনা পেশের পরপরই সেটিকে সমর্থন জানায় ইসরায়েল। পরে ৩ অক্টোবর সেই প্রস্তাবে সম্মতি জানায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসও।
উভয়পক্ষ সম্মতি জানানোর পর ৪ অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনী গাজায় হামলা-বোমাবর্ষণ বন্ধ করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানান ট্রাম্প। নেতানিয়াহু সেই আহ্বানে সাড়া দিয়ে এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, গাজায় হামলা বন্ধ করতে আইডিএফকে নির্দেশ দেওয়া হয়েছে।
কিন্তু গাজার সূত্রের বরাতে জানা গেছে, ট্রাম্প হামলা-বোমাবর্ষণের নির্দেশ প্রদানের পরেও গাজায় গত তিন দিনে নিহত হয়েছেন ১০৪ জন। এদের সবাই নিহত হয়েছেন ইসরায়েলি সেনাদের গুলিতে।
ইসরায়েলের সরকারের মুখপাত্র শোশ বেদ্রোসিয়ান রোববার এক ব্রিফিংয়ে বলেছেন, ট্রাম্প আহ্বান জানানোর পর থেকে গাজায় ‘রক্ষণাত্মক’ অভিযান পরিচালনা করছে ইসরায়েল।
২ বছর ধরে চলমান এই ভয়াবহ অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন ৬৭ হাজার ১৬০ জন ফিলিস্তিন এবং আহত হয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৬৭৯ জন।
সূত্র : আলজাজিরা
ঢাকা ডেস্ক 









