গাজায় যুদ্ধবিরতি ও মধ্যপ্রাচ্য পরিস্থিতির অগ্রগতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সোমবার (৬ অক্টোবর) দুই দেশের প্রধানের মধ্যে এই ফোনালাপ হয়।
ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, ফোনালাপে আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনি কাঠামোর ভিত্তিতে ফিলিস্তিনি সমস্যার একটি সুষ্ঠু নিষ্পত্তির সমর্থনে রাশিয়ার অবিচল অবস্থান পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট পুতিন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আঞ্চলিক পরিস্থিতি নিয়েও কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ও ইসরাইলি প্রধানমন্ত্রী। এর মধ্যে ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে উদ্ভুত পরিস্থিতি ও সিরিয়ার স্থিতিশীলতার মতো বিষয় রয়েছে।
প্রায় এক সপ্তাহ পর গত সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে গাজা যুদ্ধ বন্ধের লক্ষ্যে এক যৌথ সংবাদ সম্মেলনে ২০ দফা শান্তি প্রস্তাব প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।
হামাসের পাশাপাশি গাজায় ইসরাইলি জিম্মিদের মুক্তি এবং প্রায় দুই বছরের সংঘাতের অবসান ঘটানোর জন্য ট্রাম্পের পরিকল্পনার প্রতি হামাসের ইতিবাচক প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়েছে বিশ্ব।
রুশ প্রেসিডেন্ট পুতিনও ট্রাম্পের এই পরিকল্পনার প্রশংসা করেন।
একই সঙ্গে রাশিয়ার রাষ্ট্রপ্রধান মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি মস্কোর সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল
ঢাকা ডেস্ক 









