দুর্গাপূজা উপলক্ষে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে সরকার—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, “কিছু মহল প্রতিবেশী দেশের সহায়তায় পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় অনুভূতিকে উসকে দেওয়ার চেষ্টা করেছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ, গোয়েন্দা নজরদারি এবং পূজা উদ্যাপন কমিটির সহযোগিতায় এই ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে।”
আরও পড়ুন : শিগগির সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন দেবে জাতীয় ঐকমত্য কমিশন
তিনি আরও জানান, খাগড়াছড়িতে এক কিশোরী ধর্ষণের অভিযোগ তুলে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছিল। তবে মেডিকেল রিপোর্টে ধর্ষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এখন এলাকায় পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক, এবং জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।
বৈঠকে চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আসন্ন ছাত্র সংসদ নির্বাচনসহ আগামী জাতীয় নির্বাচন নিয়েও আলোচনা হয় বলে জানান উপদেষ্টা।
তিনি বলেন, “দেশের ভেতরে ও বাইরে কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চেয়েছিল। কিন্তু জনগণের সচেতনতা এবং প্রশাসনের তৎপরতায় সেই অপচেষ্টা সফল হয়নি।”
ঢাকা ডেস্ক 









