সংযুক্ত আরব আমিরাতে ভাগ্যের চাকা ঘুরে গেল এক বাংলাদেশির। ট্যাক্সিচালক হারুন সরদার নুর নবী সরদার জিতেছেন বিগ টিকিট র্যাফেল ড্রয়ের গ্র্যান্ড পুরস্কার—২০ মিলিয়ন দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ কোটি টাকার সমান।
শুক্রবার (৩ অক্টোবর) আবুধাবিতে অনুষ্ঠিত সেপ্টেম্বর মাসের ড্রতে ঘোষণা করা হয় বিজয়ীর নাম। খালিজ টাইমসের তথ্য অনুযায়ী, শারজাহতে বসবাসরত ৪৪ বছর বয়সী হারুন গত ১৪ সেপ্টেম্বর টিকিটটি কিনেছিলেন। তার টিকিট নম্বর ছিল ০৩৫৩৫০।
২০০৯ সাল থেকে আমিরাতে বসবাস করছেন হারুন। প্রতিদিন ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করলেও নিয়মিত লটারি টিকিট কিনতেন তিনি। তার বিশ্বাস ছিল, একদিন না একদিন ভাগ্য বদলাবেই। লাইভ ড্র চলাকালে যখন ফোনে জয়ী হওয়ার খবর পান, তিনি প্রথমে নির্বাক হয়ে যান। পরে শুধু বলেছিলেন—“আচ্ছা, ঠিক আছে।”
আরও পড়ুন : সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪১৭ প্রাণহানি
হারুন জানিয়েছেন, তিনি অন্য আরও ১০ জনের সঙ্গে মিলে টিকিটটি কিনেছিলেন। তাই পুরস্কারের অর্থ সবার সঙ্গে ভাগাভাগি করবেন।
একই ড্রতে আরও চারজন জিতেছেন ৫০ হাজার দিরহাম করে। তাদের মধ্যে দু’জন ভারতীয়, একজন পাকিস্তানি ও একজন বাংলাদেশি। এছাড়া ‘স্পিন দ্য হুইল’ প্রতিযোগিতায় কাতার প্রবাসী এক অংশগ্রহণকারীর প্রতিনিধি ঘুরিয়ে জিতে নেন ১ লাখ ৫০ হাজার দিরহাম।
শুধু নগদ অর্থ নয়, এবারের ড্রতে শারজাহ প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ সাইফুল ইসলাম আহমদ নবী জিতে নিয়েছেন একটি বিলাসবহুল রেঞ্জ রোভার ভেলার গাড়ি।
বিগ টিকিট কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৩ নভেম্বরের লাইভ ড্রতে ঘোষণা করা হবে ২ কোটি ৫০ লাখ দিরহামের নতুন গ্র্যান্ড প্রাইজ। পাশাপাশি অক্টোবর মাসজুড়ে প্রতি সপ্তাহে পাঁচজন বিজয়ী পাবেন ২৪ ক্যারেট স্বর্ণের ২৫০ গ্রাম বার।
ঢাকা ডেস্ক 









