রাজধানী ঢাকায় রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা রয়েছে। এরই মধ্যে হালকা ঝিরিঝিরি বৃষ্টিও হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকা বিভাগসহ দেশের সব অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি বর্ষণও দেখা দিতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, দিনভর ঢাকায় থেমে থেমে বৃষ্টি চলতে পারে। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আরও পড়ুন : গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৯১ ফিলিস্তিনি নিহত
আজ সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের মতে, দিনের বৃষ্টির প্রভাবে তাপমাত্রায় কিছুটা ওঠানামা হতে পারে।
গতকাল সকাল ৭টা থেকে আজ সকাল ৭টা পর্যন্ত ঢাকায় ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকা ডেস্ক 









