তামিলনাড়ুর করুরে অভিনেতা-রাজনীতিক বিজয় থালাপাতির নির্বাচনী সমাবেশে পদদলিত হয়ে প্রাণ হারান ৩৯ জন এবং আহত হন প্রায় ১০০ জন। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিজয়। নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি প্রতিটি পরিবারকে ২০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ লাখ টাকা) এবং আহতদের প্রত্যেককে ২ লাখ রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, নিজের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-এর এক্স হ্যান্ডেলে আবেগঘন বার্তায় বিজয় লেখেন, ‘এই ক্ষতির যন্ত্রণা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যাদের ভালোবাসা আমি অনুভব করেছি, তাদের মুখ আমার চোখে ভেসে উঠছে। পরিবারের একজন সদস্য হিসেবে আমি সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব।’
আরও পড়ুন : থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯, আহত অন্তত ৪০
তিনি আরও জানান, এই অর্থ কখনোই প্রিয়জন হারানোর শোক পূরণ করতে পারবে না, তবে এটি তার নৈতিক দায়িত্ব। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং দলের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।
অন্যদিকে, তামিলনাড়ু সরকার নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি এবং আহতদের ১ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিজনদের জন্য ২ লাখ রুপি এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি দেওয়ার ঘোষণা করেছেন।
প্রসঙ্গত, গত শনিবার (২৭ সেপ্টেম্বর) প্রায় ২৭ হাজার মানুষ করুরে সমাবেশে যোগ দেন, যদিও আয়োজকদের অনুমান ছিল প্রায় ১০ হাজার। বিজয় সাত ঘণ্টা দেরিতে পৌঁছালে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পদদলিতের ঘটনা ঘটে। পুলিশ জানায়, যথেষ্ট খাবার ও পানির ব্যবস্থা ছিল না, আর এত বড় সমাবেশে মাত্র ৫০০ পুলিশ মোতায়েন ছিল।
এ ঘটনার পর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন আহতদের চিকিৎসার তদারকি করেছেন এবং অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদেসানের নেতৃত্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন।
ঢাকা ডেস্ক 









