ভাত না রুটি—কোনটি খাওয়া উচিত, এ নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। বিশেষ করে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ বা বিহারের মতো অঞ্চলে ভাত প্রধান খাদ্য হলেও, পাঞ্জাব ও মধ্যপ্রদেশের মতো জায়গায় রুটিই বেশি জনপ্রিয়। অনেকেই মনে করেন রুটি ভাতের তুলনায় স্বাস্থ্যকর, আবার কেউ কেউ দুইটিই খেয়ে এক ধরনের ভারসাম্য বজায় রাখেন।
তবে বিশেষজ্ঞরা বলছেন, ভাত বা রুটি কোনটি ভালো তা নির্ভর করে এগুলো কীভাবে তৈরি হচ্ছে, কী ধরনের শস্য ব্যবহার করা হচ্ছে এবং কোন খাবারের সঙ্গে খাওয়া হচ্ছে তার উপর।
কার্বোহাইড্রেটের উৎস
ভাত ও রুটি দুটোই কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার। সাধারণ ধারণা, রুটিতে ভাতের তুলনায় কম কার্বোহাইড্রেট থাকে। কিন্তু ডায়েটিশিয়ান নাজনীন হুসেনের মতে, রুটি যদি সম্পূর্ণ মোটা আটা বা ফাইবারযুক্ত ময়দা দিয়ে তৈরি হয়, তবে তা ভাতের চেয়ে ভালো হতে পারে। তবে মিহি ময়দার রুটি শরীরে দ্রুত শর্করা বাড়িয়ে দেয়, যা ভাতের মতোই ক্ষতিকর।
আরও পড়ুন : ডেঙ্গুতে কেন বয়স ত্রিশের নিচে এমন রোগী বেশি মারা যাচ্ছে?
চালের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। তিনি বলেন, বেশি পালিশ করা চিকন চাল শরীরের জন্য ভালো নয়, তবে পালিশ ছাড়া বা ব্রাউন রাইস তুলনামূলক ভালো বিকল্প।
খাবারের সাথে ভারসাম্য জরুরি
চিকিৎসক এম. ওয়ালির মতে, সমস্যার বড় অংশ হলো আমরা ভাত বা রুটি বেশি খাই, কিন্তু সবজি ও প্রোটিন কম খাই। যদি ভাতের সঙ্গে পর্যাপ্ত সবজি খাওয়া হয়, তবে এর গ্লাইসেমিক ইনডেক্স কমে যায়, অর্থাৎ শরীরে চিনি ধীরে মেশে। এভাবে ভাত রুটির চেয়ে ভালোও হতে পারে।
তিনি আরও বলেন, রুটির আটা যদি শাকসবজি বা লাউ দিয়ে মাখা হয়, তবে তা শরীরের জন্য উপকারী হতে পারে।
কার জন্য ভাত, কার জন্য রুটি?
যাদের বেশি শারীরিক পরিশ্রম করতে হয়, তাদের জন্য ভাত ভালো, কারণ এতে শক্তি দ্রুত মেলে। অন্যদিকে যাদের কাজ বসে করার মতো বা যারা ক্যালোরি নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের জন্য আটার রুটি ভালো, কারণ এতে ফাইবার বেশি থাকায় দীর্ঘ সময় পেট ভরা থাকে।
এইমস-এর ডায়েটিশিয়ান মালা মনরাল বলেন, “আপনার কী খাওয়া উচিত, সেটা নির্ভর করবে আপনার কাজ ও জীবনযাত্রার উপর। বসে থাকার কাজ করলে রুটি ভালো, কিন্তু বেশি পরিশ্রম করলে ভাত খাওয়া প্রয়োজন।”
খাবার বাছাইয়ের ক্ষেত্রে মানুষের অভ্যাসও গুরুত্বপূর্ণ। যেসব অঞ্চলে ছোটবেলা থেকেই ভাত খাওয়ার সংস্কৃতি আছে, সেখানে মানুষের জন্য ভাত হজম করা সহজ। যেমন কাশ্মীরে ভাতই প্রধান খাদ্য। তাই সেখানকার মানুষের জন্য রুটি সবসময় ভাতের চেয়ে ভালো হবে—এমনটা বলা যায় না।
বিশেষজ্ঞদের মতে, ভাত বা রুটি—কোনোটাই একেবারে বাদ দেওয়ার দরকার নেই। মূল বিষয় হলো সঠিক শস্য নির্বাচন করা, খাবারের ভারসাম্য রাখা এবং নিজের শারীরিক চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া।
ঢাকা ডেস্ক 















