গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস মাঝিগাতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।
আরও পড়ুন : নাইজেরিয়ায় স্বর্ণখনি ধস, শতাধিক প্রাণহানির আশঙ্কা
গুরুতর আহত পাঁচজনকে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে দুইজন নারী ও দুইজন পুরুষ।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. রাসেল বলেন, “এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”
ঢাকা ডেস্ক 









