ভারতের লাদাখে রাজ্যের মর্যাদার দাবিতে চলমান আন্দোলন সহিংস রূপ নিলে জলবায়ু অধিকারকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজুর পর তাকে আটক করা হয়। এ তথ্য জানিয়েছে স্থানীয় প্রশাসন, সূত্র ইন্ডিয়া টুডে।
লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়া ও সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিতে টানা দুই সপ্তাহ ধরে অনশন করছিলেন ওয়াংচুক। এর মধ্যেই গত ২৪ সেপ্টেম্বর লেহ শহরে বিক্ষোভ শুরু হয়, যা অল্প সময়ের মধ্যেই সহিংসতায় রূপ নেয়। বিক্ষোভকারীরা স্থানীয় বিজেপি কার্যালয় ও একাধিক যানবাহনে ভাঙচুর চালালে পুলিশ গুলি চালায়।
সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত ও প্রায় ৮০ জন আহত হওয়ার খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম।
ঘটনার পর হতাশা প্রকাশ করে সোনম ওয়াংচুক বলেন, “শান্তিপূর্ণ আন্দোলন সহিংসতার কাছে হার মানলো।”
আরও পড়ুন : লাদাখে উত্তেজনা চরমে, কারফিউ জারি
তিনি অভিযোগ করেন, লাদাখের রাজনৈতিক দলগুলো তরুণ প্রজন্মকে দিকনির্দেশনা দিতে ব্যর্থ। তবে তিনি স্পষ্ট জানান, সহিংস আন্দোলনের পক্ষে তিনি নন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ওয়াংচুকের ‘উস্কানিমূলক’ মন্তব্যের কারণেই লাদাখে অশান্তি ছড়িয়েছে। তার বক্তব্যে প্রভাবিত হয়ে অনেক বিক্ষোভকারী অনশনস্থল ছেড়ে রাজনৈতিক ও সরকারি দফতরে হামলা চালায়।
এর আগেই ওয়াংচুকের এনজিও স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অব লাদাখ (SECEMOL)-এর বিদেশি অনুদান গ্রহণের লাইসেন্স বাতিল করা হয়, ফরেন কনট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট (FCRA) লঙ্ঘনের অভিযোগে।
ইঞ্জিনিয়ার, গবেষক ও সমাজ সংস্কারক সোনম ওয়াংচুক লাদাখের তরুণদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয়। বলিউডের থ্রি ইডিয়টস সিনেমার চরিত্র “র্যাঞ্চো”-র অনুপ্রেরণাও তিনি। তবে সাম্প্রতিক সহিংসতার পর এবার তাকেই দায়ী করে আইনের মুখোমুখি করলো কেন্দ্রীয় সরকার।
ঢাকা ডেস্ক 









