ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ভিন্নধর্মী একটি মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনের পেছনে ছিলেন স্থানীয় যুবক আলামিন জোমাদ্দার সবুজ, যিনি শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজের পর এই আয়োজন পরিচালনা করেন। এলাকায় সাধারণ মানুষও এতে অংশগ্রহণ করেন।
প্রায় এক মাস আগে সবুজের দুটি ছাগল চুরি হয়ে যায়। শুরুতে তিনি দুশ্চিন্তায় পড়ে যান, কিন্তু পরবর্তীতে পরিস্থিতি নিয়ে ভিন্নভাবে ভাবেন। সবুজের বিশ্বাস, মানুষ লোভ বা ভুলের কারণে অপরাধে জড়ায়। তাই শত্রুতা না করে বরং আল্লাহর কাছে দোয়া করা উচিত, যাতে চোর তার ভুল বুঝতে পারে ও সৎ পথে ফিরে আসে।
আরও পড়ুন : ডাকসু নির্বাচন নিয়ে নিরপেক্ষ তদন্ত দাবি সাদা দলের
এই উদ্দেশ্যে তিনি মাইকিং করে এলাকার মানুষকে সচেতন করেন এবং মিলাদ ও দোয়ার আয়োজন করেন। অংশগ্রহণকারীরা সবুজের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সাধারণত মানুষ চোরকে অভিশাপ দেয়, কিন্তু এই ধরনের উদ্যোগ সমাজে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে।
আলামিন জোমাদ্দার সবুজ বলেন, “চোর হয়তো অভাবে বা প্রলোভনে পড়ে অপরাধ করেছে। আমি যদি তার জন্য খারাপ মন্তব্য করি, তবে আমার আর তার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আমি চাই, সে তার ভুল বুঝুক এবং সৎ পথে ফিরুক। আশা করি, আমার এই প্রচেষ্টা সমাজে নৈতিকতার ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে।”
স্থানীয়রা মনে করছেন, এই ধরনের আয়োজন শুধু এলাকার জন্য নয়, বৃহত্তর সমাজেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
ঢাকা ডেস্ক 









