যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। এ নিয়ে এবার মুখ খুললেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ঘটনাটিকে “অনাকাঙ্ক্ষিত” আখ্যা দিয়ে বলেন, “বিষয়টি আমাদের কনস্যুলেট এবং পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে।”
প্রেসসচিব জানান, সেদিন প্রধান উপদেষ্টা জাতিসংঘে আইএমএফ আয়োজিত সোশ্যাল বিজনেস বিষয়ক সভায় বক্তব্য রাখেন। এরপর তিনি আরও একটি অনুষ্ঠানে অংশ নেন। ওই দিনই তাঁকে এসডিজি অ্যাওয়ার্ড দেওয়া হয়, যা তিনি ছাড়া আরও দুইজনকে প্রদান করা হয়েছে।
আরও পড়ুন : নিউইয়র্কে আখতারের ওপর ডিম নিক্ষেপ করা ব্যক্তির পরিচয়
নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ভারতের জন্য মনোনীত মার্কিন রাষ্ট্রদূত ও দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।
তিনি জানান, “প্রধান উপদেষ্টা বলেছেন দেশ নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ।” যুক্তরাষ্ট্রও বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানান তিনি।
এছাড়া বৈঠকে সার্ক পুনরুজ্জীবন, নেপাল-ভুটানের সঙ্গে সম্পর্ক জোরদার এবং আসিয়ান সদস্যপদ প্রাপ্তি নিয়েও আলোচনা হয়। বাণিজ্য সম্পর্ক নিয়েও কথা হয়, যেখানে সার্জিও গোর প্রতিশ্রুতি দেন যে তিনি এসব বিষয়ে সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলবেন।
উল্লেখ্য, স্থানীয় সময় সোমবার আখতার হোসেন বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের কর্মীরা তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে এবং ‘জয় বাংলা’ স্লোগান দেন। সে সময় আখতারের সঙ্গে ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা। কাছাকাছি অবস্থান করছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
ঢাকা ডেস্ক 









