যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
ঘটনার পর এনসিপি এক বিবৃতিতে একে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করে বাংলাদেশ সরকারের ব্যর্থতাকে দায়ী করেছে। একই সঙ্গে আওয়ামী লীগের বিচারের দাবিতে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে দলটি।
আরও পড়ুন : আজ ঢাকার বাতাসের মান কেমন?
ফেসবুক পোস্টের মাধ্যমে এনসিপি জানিয়েছে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করবে। একই সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়েও প্রতিবাদ কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
নিউইয়র্কে কী ঘটেছিল?
সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আখতার হোসেন ও এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারাকে লক্ষ্য করে আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার কয়েকজন নেতাকর্মী ডিম ছুড়েন। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেন।
ঘটনার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও কাছাকাছি অবস্থান করছিলেন। তবে মূল টার্গেট করা হয়েছিল এনসিপি নেতাদের।
রাজনৈতিক অঙ্গনে তোলপাড়
আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি। দলটির নেতারা দাবি করছেন, বিদেশের মাটিতে এই হামলা শুধু রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং বাংলাদেশের মর্যাদাকেও ক্ষুণ্ন করেছে।
ঢাকা ডেস্ক 









