ভ্রাম্যমাণ টয়লেট (ভিআইপি) পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ নিতে চীন সফরে যাচ্ছেন স্থানীয় সরকার বিভাগের তিন কর্মকর্তা।
১৪ সেপ্টেম্বর জারি করা স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত সরকারি আদেশে তাদের এ সফরের অনুমতি দেওয়া হয়।
আদেশে জানানো হয়েছে, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. ফারুক হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহকারী প্রোকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান এবং উপসহকারী প্রোকৌশলী মোহাম্মদ জাকির হোসেন প্রশিক্ষণে অংশ নেবেন। আগামী ২৭ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত, অথবা ছুটি শুরু হওয়ার দিন থেকে সাত দিনের জন্য তাদের বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে।
আরও পড়ুন : পুলিশের ৩৯ পরিদর্শক পদোন্নতি পেয়ে এএসপি
প্রশিক্ষণটি হবে পাঁচটি নতুন মোবাইল টয়লেট (ভিআইপি) সরবরাহের অংশ হিসেবে। ভ্রমণকালে সব খরচ বহন করবে উৎপাদক প্রতিষ্ঠান শ্যাংডং কিউয়ানবাই ইন্টেলিজেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। সরকারি আদেশে বলা হয়েছে, এ সফরকে কর্মকর্তাদের দায়িত্বের অংশ হিসেবেই ধরা হবে।
তবে দীর্ঘদিন ধরে প্রধান উপদেষ্টার কার্যালয় নির্দেশ দিয়ে আসছে—সরবরাহকারী বা ঠিকাদার প্রতিষ্ঠানের অর্থায়নে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর এড়িয়ে চলতে হবে। ফলে এ সফর নিয়ে সমালোচনারও সৃষ্টি হয়েছে।
ঢাকা ডেস্ক 









