জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার সুযোগ রয়েছে। আমরাও ট্রাইব্যুনালের কাছে আবেদন জানাবো।
নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে রাজনৈতিক ক্ষমতা নিরঙ্কুশ ও ক্ষমতায় টিকে থাকতে জনগণের বিরুদ্ধে গিয়ে তাদের হত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন। জনগণ তাকে উৎখাত করেছে। ফলে এটা আওয়ামী লীগের সংঘটিত অপরাধ। আওয়ামী লীগকে একটি দল হিসেবে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনা উচিত।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্য ও জেরা শেষে রোববার (২১ সেপ্টেম্বর) সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ৪৭তম সাক্ষী হিসেবে নাহিদ ইসলামের জেরা আজ শেষ হয়।
এই মামলায় পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। গ্রেপ্তার হয়ে পরে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষে ছিলেন আইনজীবী জায়েদ বিন আমজাদ।
ঢাকা ডেস্ক 









