৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ) শুরু হচ্ছে আজ শুক্রবার (১৯ সেপ্টম্বর)। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাকেন্দ্রগুলো হলো ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর সরকারি কর্ম কমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে নিজ হলে প্রবেশ করতে হবে। তারপর গেট বন্ধ হবে। কোনো পরীক্ষার্থী দেরিতে হলে প্রবেশ করতে পারবেন না।
এবার ৪৭তম বিসিএসে অংশ নেয়ার জন্য আবেদন করেছেন মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ চাকরিপ্রার্থী। এ বিসিএস নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭; নন-ক্যাডার পদ ২০১।
এ বিসিএস থেকে ক্যাডার ও নন-ক্যাডারসহ মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেয়া হবে। কিছু নতুন পদও যুক্ত হয়েছে এবারের বিসিএসে।
ঢাকা ডেস্ক 









